সামরিক উন্নয়ন নিশ্চিতের তাগিদ শি জিনপিংয়ের

চীনের সামরিক উন্নয়নে ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফল করতে সামরিক বাহিনী ও পুলিশের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার চীনের জাতীয় আইনসভার ১৪তম জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এবং পিপলস আর্মড পুলিশ ফোর্সের প্রতিনিধি দলের এক পূর্ণাঙ্গ সভায় তিনি এ আহ্বান জানান। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।

শি জিনপিং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের পাশাপাশি কেন্দ্রীয় সামরিক কমিশনেরও চেয়ারম্যান। নিজ বক্তৃতায় তিনি বলেন, গত চার বছরের বেশি সময় ধরে পরিকল্পনা বাস্তবায়নের ফলে একাধিক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। তবে এখনো বেশ কিছু প্রতিবন্ধকতা ও সমস্যা রয়েছে, যা দ্রুত সমাধান করা প্রয়োজন। তিনি আত্মবিশ্বাস শক্তিশালী করে চ্যালেঞ্জ মোকাবিলা এবং উচ্চমানের উন্নয়ন নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। এ সময় তিনি আধুনিক ব্যবস্থাপনা ধারণা ও পদ্ধতির ব্যবহারের ওপর জোর দেন। পাশাপাশি পরিকল্পনাটি আরও পদ্ধতিগত, সার্বিক ও সমন্বিতভাবে বাস্তবায়নের জন্য কৌশলগত ব্যবস্থাপনা সিস্টেম ও প্রক্রিয়া উন্নত করার কথা বলেন।

সামরিক ও নাগরিক খাতের মধ্যে সমন্বিত প্রচেষ্টা ত্বরান্বিত করার তাগিদ দেন শি জিনপিং। তিনি বলেন, নাগরিক খাতের শক্তি ও সম্পদকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। এতে সামরিক উন্নয়নের গুণগত মান ও দক্ষতা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে দুর্নীতি প্রতিরোধে একটি সুরক্ষিত ও কার্যকর তদারকি ব্যবস্থা গড়ে তোলারও আহ্বান জানান তিনি। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই বক্তব্য সামরিক উন্নয়নে চীনের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনার দিকনির্দেশনা তুলে ধরেছে। এদিকে, পাল্টাপাল্টি শুল্ক আরোপের ঘটনায় বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি দুই দেশই হুমকিমূলক বার্তা দিয়েছে পরস্পরের প্রতি। প্রয়োজন হলে শুল্ক, বাণিজ্য, কিংবা অন্য কোনো যুদ্ধে নামতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে চীন-যুক্তরাষ্ট্র উভয়ই।