সেহেরির খাবার গরম করতে গিয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে চাঁদপুরে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত চারজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি নেওয়া হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাতে চাঁদপুর পৌরশহরের কোড়ালিয়া এলাকার একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেহেরির জন্য খাবার গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোমাত্রই বিকট শব্দে ৬ তলা ভবন কেঁপে ওঠে। এ সময় রান্নাঘর ছাড়াও আশপাশের আরও তিনটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে।
দগ্ধ ছয়জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে, চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উদ্দেশে পাঠানো হয়েছে।