দেশের বিভিন্ন স্থানে শিশুসহ ক্রমাগত ধর্ষণের বিচারের দাবিতে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটায় এই অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এর আগে ২টায় বিভিন্ন হল থেকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীহলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-আরিচা মহাসড়কে এসে প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখেন তারা।
এসময় শিক্ষার্থীরা ‘ধর্ষকদের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘তুমি কে-আমি কে, আছিয়া-আছিয়া’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘হলে হলে খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘চব্বিশ এর বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের একজন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, ‘সারাদেশে ধর্ষণ বেড়েই চলেছে। গত পরশু মাগুরাতে ৮ বছরের শিশু পর্যন্ত ধর্ষকের হাত থেকে রক্ষা পায়নি। গত শনিবার গাজীপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে সে দৃশ্য নিজের স্মার্টফোনে ধারণ করেন এক তরুণ। এসব ঘটনার দৃশ্যমান বিচার না হওয়ার কারণে ক্রমান্বয়ে ধর্ষণের মত অপরাধ বেড়ে চলেছে।’
তিনি আরও বলেন, ‘পতিত স্বৈরাচার শেখ হাসিনার সময় দেশে যেভাবে একের পর এক অপরাধ সংঘটিত হতো বর্তমানেও একই অবস্থা বিরাজ করছে। গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এ ধরণের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায়না। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতির দায় অন্তবর্তীকালীন সরকারকে নিতে হবে। অবিলম্বে ধর্ষকদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে আপামর ছাত্র-জনতা আমাদের মা-বোনদের নিরাপত্তার জন্য ফের আন্দোলন গড়ে তুলবে।’
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আলী চিশতি বলেন, ‘গত কয়েকদিনে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় সরকারের নীরব ভূমিকা আমারা খেয়াল করেছি। এর প্রতিবাদে আমরা আজকে প্রতিকী অবরোধ করেছি। ধর্ষণের ঘটনাগুলোয় জড়িত ধর্ষকদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা হলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক পুনরায় অবরোধ করে সারা দেশ অচল করে দিবো।’
জাতীয় নাগরিক পার্টিকে ‘কিংস পার্টি’ বলা হচ্ছে কেন?
তিন জেলায় ৭ খুন