সীতাকুণ্ডে শিপইয়ার্ড পরিদর্শন করল তদন্ত কমিটি

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৫:০৪ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙার কারখানায় গ্যাস ছড়িয়ে ৯ জনের মৃত্যু ঘটনায় ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করেছে শিল্প মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। রবিবার (১৬ আগস্ট) দুপুরের দিকে কমিটির প্রধান এ কে এম বেনজামিন রিয়াজী নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় কমিটির প্রধান বেনজামিন রিয়াজী বলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। আমরা এ ব্যাপারে সত্যটা উদঘাটনে পুঙ্খানুপুঙ্খভাবে যতগুলো ব্যাপার দেখার প্রয়োজন, সেটা দেখার চেষ্টা করছি।

এবিষয়ে তদন্ত কমিটি শনিবার বিকেলে সার্কিট হাউজে দুই ঘণ্টা সভা করেছে জানিয়ে তিনি বলেন, কোন কোন বিষয় দেখা দরকার তা নিয়ে সেখানে মতামত নেওয়া হয়েছে। সে অনুযায়ী রবিবার সকাল থেকে কাজ শুরু করেছি।

বেনজামিন রিয়াজী বলেন, আমরা উদঘাটনের চেষ্টা করছি কী কারণে এটা হয়েছিল, কারো গাফিলতি ছিল কি না, এখানে সেফটি মেজারে কোনো ত্রুটি ছিল কি না, আরও কি ডেভেলপ করা যায়।

সকাল থেকে বৃষ্টির কারণে তদন্ত কার্যক্রম ব্যাহত হচ্ছে জানিয়ে কমিটির প্রধান বলেন, বৈরী আবহাওয়ার জন্য কাজ তেমন আগাতে পারছে না। যদি ঢাকা থেকে বিশেষজ্ঞ আনতে হয় বা এখানকার বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে এটা করার চেষ্টা চলছে।

এদিকে পাঁচ কর্ম দিবসের মধ্যে এই কমিটিকে শিল্প সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

১৪ আগস্ট সকাল ৯টার দিকে শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি পুরনো জাহাজে বিষাক্ত গ্যাস নিঃসরণের ঘটনায় ৯ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। এ ঘটনার পরদিন শনিবার (১৫ আগস্ট) শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেনজামিন রিয়াজীকে আহ্বায়ক করে ১১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পরে রবিবার সকালে কমিটি সেখানে পরিদর্শনে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত