চাচাকে গুলি করে হত্যায় ভাতিজার যাবজ্জীবন

মুন্সীগঞ্জের সিরাজদীখানে গুলি করে আপন চাচাকে হত্যা মামলায় ভাতিজা গেনেট রোজারিওকে (৫০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ের আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া পৃথক অস্ত্র মামলায় ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত গেনেট রোজারিও জেলার সিরাজদীখান উপজেলার শুলপুর গ্রামের প্রয়াত বারেন রোজারিওর ছেলে। ভাতিজার গুলিতে নিহত চাচা মাইকেল রোজারিও একই গ্রামের প্রয়াত ফালু রোজারিওর ছেলে।

মামলার বিবরনে জানা গেছে, আমেরিকা প্রবাসী চাচা মাইকেলের সঙ্গে ভাতিজা গেনেটের সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। আমেরিকা থেকে গ্রামের বাড়িতে এলে ২০২১ সালের ১১ জুন দিবাগত রাতে বসতঘরের জানালা দিয়ে চাচাকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন ভাতিজা। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে চাচা মাইকেলকে উদ্ধার করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের শ্যালিকা মল্লিকা রোজারিও বাদী হয়ে ভাতিজা গেনেট রোজারিওকে একমাত্র আসামি সিরাজদীখান থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় গেনেটের বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করে পুলিশ।