ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের সাধারণ নির্বাচনে বাজিমাত করেছে মধ্য-ডানপন্থি বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। নির্বাচনের আনুষ্ঠানিক ফল এখনো ঘোষণা না করা হলেও, প্রাথমিক গণনায় দেখা গেছে, ২৯ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে শীর্ষ অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক পার্টি। ২০২১ সালের ৯ দশমিক ১ শতাংশের তুলনায় এবার দলটি বেশি ভোট পেয়েছে। ২৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্বাধীনতাপন্থি হিসেবে পরিচিত নালেরাক পার্টি। আর ২১ শতাংশ ভোট পেয়ে ক্ষমতাসীন আইএ পার্টি
তৃতীয় অবস্থানে নেমে গেছে। বুধবার গ্রিনল্যান্ডের সরকারি সম্প্রচারমাধ্যম কেএনআর এ তথ্য জানিয়েছে। ডেনমার্কের তত্ত্বাবধানে স্বায়ত্তশাসন ভোগ করে আসছে গ্রিনল্যান্ড। সেখানে একটি স্বাধীন সরকার আছে। তবে পররাষ্ট্র, সামরিক এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করে ডেনমার্ক। স্বায়ত্তশাসিত দ্বীপটির ৩১ আসনের পার্লামেন্টে চার বছর অন্তর নির্বাচন হয়। পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ১৬ আসন পেতে হয়।