তিন মাসের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিন মাসের শিশুসন্তানকে জিম্মি করে মাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নারীর স্বামী ৩ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার ইফতারের পর জালকুড়ি উত্তরপাড়া পানির ট্যাংকি এলাকায় এ ঘটনা ঘটে।

থানা সূত্র জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে আরিফ (৩২) ও বাদী একই বাড়ির ভাড়াটিয়া। ডালিম (৩৫) ও বেলাল (৩৫) আরিফকে সহায়তা করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার ইফতারি দেওয়ার জন্য আরিফ বাদীর ঘরের দরজায় টোকা দেন। এ সময় বাদীর স্ত্রী দরজা খুলে ইফতারি নিয়ে আবার দরজা লাগিয়ে দেন। ইফতারির পর আবারও আরিফ দরজায় নক করলে বাদীর স্ত্রী দরজা খোলেন। তখন আরিফ তাদের ৩ মাসের শিশুসন্তানকে কোলে নেওয়ার বাহানায় ঘরে প্রবেশ করে দরজা আটকে ধর্ষণচেষ্টা চালান। তবে ওই নারী চিৎকার শুরু করলে আরিফ শিশুটিকে নিয়ে তার ঘরে চলে যান এবং তাকে সুস্থভাবে ফেরত দিতে আপত্তিকর শর্ত দেন। ওই নারী তখন ফোন করে তার স্বামীকে বিষয়টি জানান। তার স্বামী এক সহকর্মীকে নিয়ে বাড়িতে পৌঁছে আরিফের ঘর থেকে শিশুটিকে উদ্ধার করেন। সে সময় আরিফ, ডালিম ও বেলালসহ ১০-১২ জন তাকে বিভিন্ন হুমকি-ধমকি দেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন বলেন, এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তার স্বামী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবন্ধী নারীকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ : বগুড়ায় খালুর বিরুদ্ধে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চাঙ্গুইর গ্রামে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম। গত মঙ্গলবার রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে। মামলা দায়েরের পর থেকেই আসামি পলাতক রয়েছেন।

শাজাহানপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই প্রতিবন্ধী নারী তার খালা-খালুর সঙ্গে একই ঘরে পৃথক বিছানায় থাকতেন। গত মঙ্গলবার রাতে ঘুমন্ত প্রতিবন্ধী নারীর বিছানায় গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় চিৎকার করলে তার মুখ চেপে ধরে এবং ধর্ষণ করেন। পরদিন বুধবার সকালে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ওই প্রতিবন্ধী নারী।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম জানান, ওই প্রতিবন্ধী নারীর পরিবার থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শাজাহানপুর থানায় ধর্ষণ মামলা হয়েছে। আসামি পলাতক থাকলেও তাকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

ভোলা থেকে খুলনায় এসে যৌন নিপীড়নের শিকার কলেজ ছাত্রী : ফেসবুকের মাধ্যমে প্রেমের টানে খুলনায় এসে যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভোলার এক কলেজ ছাত্রী। গত বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে তেরখাদা উপজেলা সদরে। পুলিশ প্রেমিককে গ্রেপ্তার করে গতকাল দুপুরে কারাগারে পাঠিয়েছে।

ওসি জানান, মুসলিম ওই যুবতীর স্বজনরা ভোলা থেকে তেরখাদায় পৌঁছে গভীর রাতে মামলা করেন। সঙ্গে সঙ্গে আসামিকে গ্রেপ্তার ও মেয়েটিকে উদ্ধার করা হয়।

ধর্ষণকা-ে গ্রেপ্তারকৃতের রিমান্ড আবেদন নামঞ্জুর : টাঙ্গাইলের মির্জাপুরে ১০ বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় হওয়া মামলায় অভিযুক্ত বাবাকে পালাতে সহায়তা ও সালিশের মাধ্যমে প্রভাব বিস্তার করায় তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর বুধবার ৫ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে সোপর্দ করা হয়। তবে রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন টাঙ্গাইল আমলি আদালত (মির্জাপুর) এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমি খাতুন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী উপপরিদর্শক মো. রাহাদুজ্জামান আকন্দ।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি দ্বিতীয় শ্রেণিতে পড়–য়া এক মাদ্রাসাছাত্রীকে (১০) ধর্ষণের ঘটনা ঘটে।