বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে আজ শনিবার বৈঠক করবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেবে।
আজ দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে ঢাকায় এসেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। আগামীকাল রবিবার সকালে আন্তোনিও গুতেরেসের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।