পাবনার দুই এতিম শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

‘বাবার মৃত্যুর পর দুই সন্তান রেখে মা চলে গেছেন অন্যত্র, এরপর থেকেই শিশু দুটি তাদের দাদা রাজু প্রামাণিকের (৬০) বাড়িতে মানবেতর জীবন কাটাচ্ছে’ সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও দেখে পাবনার আটঘরিয়া উপজেলার সেই এতিম দুই শিশুর দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

তারেক রহমানের নির্দেশে গতকাল শনিবার সকালে ‘আমরা বিএনপির পরিবার’-এর একটি প্রতিনিধিদল আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামে ওই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে অসহায় এ পরিবারের জন্য সহমর্মিতার বার্তা ও আর্থিক সহায়তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। প্রতিশ্রুতি দেওয়া হয় ধারাবাহিকভাবে তাদের মাসিক সাহায্য দেওয়ারও।

এ ছাড়া মোবাইল ফোনে ঢাকা থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন পরিবারটির খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম সদস্য মাসুদ রানা লিটন, পাবনা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহসভাপতি জামিল হোসেন, চাঁদভা ইউনিয়ন বিএনপি সভাপতি হারুন-অর-রশিদ ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা আশরাফুল ইসলাম প্রমুখ।