পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপত্তায় বাড়তে থাকা হুমকি মোকাবিলার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলাটিতে জনসাধারণের চলাচলের ওপর বিধিনিষেধ সোমবার থেকে কার্যকর হয়েছে। এ সময় জেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকবে। জেলা প্রশাসন জনগণের সহযোগিতা কামনা করেছে এবং কারফিউ ও সড়ক বন্ধের আদেশ মেনে চলার গুরুত্ব তুলে ধরেছে।
পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস)-এর তথ্য অনুযায়ী,২০২৫ সালের জানুয়ারিতে সন্ত্রাসী হামলার সংখ্যা আগের মাসের তুলনায় ৪২ শতাংশ বেড়েছে। এ বছর জানুয়ারিতে সবচেয়ে বেশি সংঘাত হয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। এরপরই আছে বেলুচিস্তান।