ভুক্তভোগীর পরিচয় প্রকাশ না করতে সচেতনতার নির্দেশ

কেউ ধর্ষণের শিকার হলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিধান অনুযায়ী ভুক্তভোগী ও তার পরিবারের নাম, পরিচয় ও ছবি যাতে প্রকাশ করা না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেতনতা বাড়াতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনকে এ নির্দেশ দেয় হাইকোর্টের একটি বেঞ্চ।

এদিকে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদী কর্মসূচিতে উত্তাল পরিস্থিতির মধ্যেই গতকাল মঙ্গলবার ঢাকাসহ দেশের পাঁচটি জেলা থেকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে ঢাকায় এক কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ডের রায় এসেছে। এ ছাড়া সম্প্রতি বরগুনায় ধর্ষণের শিকার শিশুর পরিবারের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক জানান, বরগুনায় ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া আট বছরের শিশুর বড় বোনের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি কেউ ধর্ষণের শিকার হলে ভুক্তভোগী, তার পরিবারের নাম, ছবি ও পরিচয় যাতে প্রকাশ করা না হয় সে বিষয়ে সচেতনতা বাড়াতে তথ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সংশ্লিষ্ট বিষয়ে সম্পূরক আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এবিএম হামিদুল মিসবাহ ও সৈয়দ মাহসিব হোসাইন। অ্যাডভোকেট হামিদুল মিসবাহ হাইকোর্টের আদেশের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন।

প্রসঙ্গত, গত ৬ মার্চ ভোররাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় তৃতীয় শ্রেণিতে পড়–য়া আট বছরের কন্যাশিশু। তাকে হত্যার চেষ্টাও করা হয়। ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যায় শিশুটি। এ ছাড়া গত ৪ মার্চ বরগুনা সদরের ১৪ বছর বয়সী শিশু প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা। এরপর থেকে মামলা তুলে নিতে আসামিপক্ষ চাপ প্রয়োগ করতে থাকে। ১১ মার্চ বাদীর বাড়ির পেছন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আদালত প্রতিবেদক জানান, ঢাকার দোহার থানাধীন সুতারপাড়া ইউনিয়নে ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে জিয়াউর রহমান নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড, ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। গতকাল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। জরিমানার টাকা আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে আদায় করে ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে আদালত। আসামি জিয়াউর রহমান পলাতক। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, নাগেশ্বরীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটকের পর পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, দোকান থেকে ফেরার পথে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কাঠমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. ইয়াছিন মিয়া (৪৫)।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, পৌর এলাকার জাফরপুর গ্রামে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এর জেরে অভিযুক্ত এনামুল হক জনির (৪০) বাড়ি ঘেরাও করে স্থানীয় জনতা। বিষয়টি জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি জানান, সুদে লগ্নি করা টাকা আদায় করতে গিয়ে স্কুলশিক্ষকের হাতে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) প্রতিনিধি জানান, রাজধানী ঢাকার পল্লবীর বারনটেক এলাকায় ৫০ বছর বয়সী এক নারীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তিনি একটি পত্রিকার সাংবাদিক বলে জানা গেছে।