ইসি চাইলে সব পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল

রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনসহ পাঁচ এজেন্ডা নিয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে আওয়ামী লীগ সরকারের সময় নিবন্ধিত বেশ কিছু পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা একটা খসড়া দাঁড় করেছি পর্যবেক্ষকদের জন্য। কিছু কিছু পর্যবেক্ষক তো বাতিল হবেই। যদি কমিশন মনে করে সবগুলো বাতিল হবে, তো বাতিল হবে।’ গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

এক প্রশ্নের জবাবে ইসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘নির্বাচন বিষয়ে অনেকেই তো বিতর্কিত। নির্বাচনে ভবিষ্যতে যাতে বিতর্কের সৃষ্টি না হয়, অস্বচ্ছতা যেন না হয়, সেজন্য আমরা সর্বতোভাবে প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ বিতর্কের সৃষ্টি হবে না।’ তিনি বলেন, ‘যারা বিতর্কিত ছিলেন তাদের বিষয়ে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছেন, তাদের তো চাকরি চলে গেছে। শাস্তিমূলক ব্যবস্থা হোক বা প্রতিরোধমূলক ব্যবস্থা হোক, সরকারও নিচ্ছে, কমিশনও নিচ্ছে। ভবিষ্যতে হবে না এমনটাই মনে করি। সুনির্দিষ্ট পদপদবির বিষয় না, একটা সুন্দর ও স্বচ্ছ নির্বাচন এবং নজিরবিহীন সুন্দর নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন, তা করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ।’

নিবন্ধনের গণবিজ্ঞপ্তির বর্তমান অবস্থান জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, ‘রিট হয়েছে। আদালত থেকে রুলের আদেশ এখনো আসেনি। আসলে সেটা দেখার পর বলতে পারব। সুনির্দিষ্টভাবে আদেশ না দেখে বলা যাবে না। নিবন্ধন দলগুলো যদি চায়, শর্তপূরণ হলে দেওয়া হবে। যদি না চায়, তাহলে তো লাগবে না।’ তিনি বলেন, ‘আগামী সপ্তাহে রায়ের কপি হয়তো পাব, তখন বলতে পারব। আমরা একটা খসড়া দাঁড় করেছি পর্যবেক্ষকদের জন্য। কিছু কিছু পর্যবেক্ষক তো বাতিল হবেই। যদি কমিশন মনে করে সবগুলো বাতিল হবে তো বাতিল হবে। আমরা বিদ্যমান নীতিমালা ও সংস্কার কমিশনের প্রস্তাব অনুসারে এগোচ্ছি।’

বৈঠকের বিষয়ে তিনি আরও বলেন, ভোটকেন্দ্র নীতিমালা নিয়েও কথা বলেছি। একটা খসড়া দাঁড় করাতে চাচ্ছি। সীমানা নির্ধারণ নিয়ে এখনো কোনো আপডেট নেই।