আ.লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান ও আ.লীগ নিষিদ্ধের দাবিতে কুমিল্লা বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে নগরীর ঝাউতলা ছাতি মসজিদ এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কান্দিরপাড় পূবালী চত্বরে এসে শেষ হয়। পরে পূবালী চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় তারা স্লোগান দিতে থাকে- তুমি কে, আমি কে, হাসনাত হাসনাত, আ. লীগের ঠিকানা এ বাংলায় হবে না, ক্ষমতা না রাজপথ, রাজপথ রাজপথ, আ.লীগের দালালরা, হুঁশিয়ার সাবধান।
এ সময় বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যতদিন থাকবে ততদিন আ. লীগের স্থান এই বাংলাদেশে হবে না। কুমিল্লা থেকেই আওয়ামী লীগের বিচার শুরু হবে। গত ১৭ বছর যারা মানুষের ওপর অত্যাচার নির্যাতন করেছে তাদের বৈধতার প্রশ্ন আবার কীভাবে আসতে পারে। তাদের বৈধতার প্রশ্ন তো গত ৫ আগস্টেই শেষ হয়ে গেছে। সুতরাং আ.লীগকে নিষিদ্ধ করতে হবে।