ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে গ্রুপ টিকিট বুকিং দিয়ে অতিরিক্ত দামে বিক্রির সুযোগ বন্ধ হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে কক্সবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর বাসসের
ধর্ম উপদেষ্টা বলেন, ‘এখন সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর দিয়ে টিকিট বুকিং করতে হবে। তিন দিনের মধ্যে এই টিকিট ইস্যু না করলে স্বয়ংক্রিয়ভাবে বুকিং বাতিল হয়ে যাবে। গ্রুপ টিকিট বুকিং করে দ্বিগুণ, তিনগুণ দাম বাড়িয়ে দেবেন, এটা আর হবে না। এজন্য একটি নীতিমালাও তৈরি করা হয়েছে।’
ড. খালিদ বলেন, কক্সবাজারে সুদূর অতীত থেকেই সম্প্রীতির একটা আবহ বিরাজ করে আসছে। এখানে সাম্প্রদায়িক কোনো নৈরাজ্য, কোনো ভুল বোঝাবুঝি নেই। এ মসজিদের মাধ্যমে ভ্রাতৃত্বের এই পয়গাম কক্সবাজারে ছড়িয়ে পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মডেল মসজিদ প্রকল্পের প্রকল্প পরিচালক শহীদুল আলমসহ সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।