ঝিনাইদহের মহেশপুরের কাজিরবেড় ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সামন্তা গ্রামে বিএনপিকর্মী জাফর হোসেন (৪০) নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
সালিশের নামে ডেকে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার সঙ্গে স্থানীয় জামায়াত সমর্থকরা জড়িত বলে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। নিহত জাফর হোসেন সামন্তা গ্রামের জীবননগর পাড়ার জাবেদ আলীর ছেলে। মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, একটি গাছের মালিকানা নিয়ে বিএনপিকর্মী জাফর হোসেনের সঙ্গে স্থানীয় জামায়াত নেতা আমির মোড়ল, সজিব, তরিকুল ও আব্বাস মাস্টারের সঙ্গে বিরোধ চলছে। বিরোধ মেটানোর জন্য বৃহস্পতিবার রাতে জাফর হোসেনকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে বিচারের নামে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতেই তাৎক্ষণিকভাবে সামন্তা গ্রামে বিএনপি সমর্থকরা বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে মহেশপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সতর্ক অবস্থায় রয়েছে। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী মনে করছে।
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানান, বৃহস্পতিবার রাতে জাফর হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওই কর্মকর্তা।