রিজভী বললেন

ঘুমন্ত দানবের প্রত্যাবর্তন ঠেকাতে ঐক্যবদ্ধ থাকুন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘স্বস্তির নিশ্বাস দীর্ঘ করতে হলে সামনে বেশ কিছুটা পথ আমাদের পাড়ি দিতে হবে। সেই পথ যাতে নির্বিঘেœ পাড়ি দিতে পারি সেই প্রচেষ্টা আমাদের নিতে হবে। তা না হলে মনে রাখতে হবে, পরাজিত স্বৈরাচারের দানব, ঘুমিয়ে থাকার ভান ধরলেও মাঝেমধ্যে জেগে ওঠার চেষ্টা করছে। সেই ঘুমন্ত দানবের যাতে প্রত্যাবর্তন না ঘটে এবং নব্য বাকশাল বা অগণতান্ত্রিক শক্তির যাতে পুনরুত্থান না ঘটে সেজন্য যত মতপার্থক্যই থাকুক আমাদের সাধারণ ঐক্যের মধ্যে থাকতেই হবে।’

গতকাল শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশে (আইইবি) আয়োজিত রুয়েটর প্রাক্তন ছাত্রদল (রুয়েট এক্স-জেসিডি অ্যাসোসিয়েশন) নেতাদের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে রিজভী এ কথা বলেন।

রিজভী বলেন, ‘আমরা যাতে ভবিষ্যতে আরও বেশি করে স্বস্তির নিশ্বাস নিতে পারি এবং এ স্বস্তিটা যাতে চিরস্থায়ী করা যায় সেজন্য অবাধ সুষ্ঠু নির্বাচন ও বিচার বিভাগের স্বাধীনতা এবং ভিন্ন মতের প্রতি সহনশীলতা অর্থাৎ গণতন্ত্রের উপাদানগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে।’

সংগঠনের প্রাক্তন নেতা ও বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, প্রকৌশলীদের সংগঠন অ্যাবের সাবেক মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, প্রকৌশলী হেলাল উদ্দিন, প্রকৌশলী মাহবুব আলম, প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক রুহানি প্রমুখ।