চেন্নাই সুপার কিংস আর মহেন্দ্র সিং ধোনি যেন সমার্থক হয়ে গেছেন। তাই ৪৩ বছর বয়সী ধোনিকে এখনো খেলিয়ে যাচ্ছে চেন্নাই। প্রতিবার আইপিএলের আগে ধারণা করা হয়, এটাই হয়তো ধোনির শেষ আসর। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয় না। চলতি আসরের শুরুতেও একই পরিস্থিতি ছিল। কিন্তু ধোনি কী ভাবছেন তার আইপিএল ক্যারিয়ার নিয়ে?
আজ রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে ধোনির চেন্নাই সুপার কিংস। এর আগে অনুশীলনে ধোনিকে ‘ওয়ান লাস্ট টাইম’ লেখা একটি টি-শার্ট পরতে দেখা যায়। এতে করে অনেকেই মনে করেছিলেন, এবার বোধহয় সত্যিই শেষবারের মতো নামছেন ধোনি। কিন্তু সম্প্রচারকারী চ্যানেলে ধোনি বলেছেন, ‘আমি যতদিন পারি চেন্নাইয়ের হয়ে খেলতে চাইব। এটাই আমার ফ্র্যাঞ্চাইজি। আমি যদি হুইলচেয়ারেও থাকি, তাহলে এই টান আমাকে নিয়ে আসবে।’
২০২৪ আইপিএলে চেন্নাইয়ের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ধোনি। লোয়ার অর্ডারে ব্যাটিং করেছেন। এই বয়সেও ৮ নম্বরে খেলে ২২০ স্ট্রাইকরেটে ওই আসরে করেন ১৬১ রান। আজ মুম্বাইয়ের বিপক্ষে আর ১৯ রান করতে পারলেই সুরেশ রায়নাকে ছাড়িয়ে চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন ধোনি। চেন্নাইয়ের হয়ে ৪৬৮৭ রান করে ক্যারিয়ার শেষ করেছিলেন রায়না।