ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। শনিবার ওয়াশিংটনে টেসলার একটি ডিলারশিপের বাইরে প্ল্যাকার্ড হাতে শতাধিক মানুষ বিক্ষোভ করে। তাদের অভিযোগ, মাস্ক দেশটির ফেডারেল কর্মীদের সংখ্যা দ্রুত ছাঁটাই করার প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন। এর মাধ্যমে হাজার হাজার নাগরিকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এ সময় ট্রাম্প প্রশাসনে মাস্ককে নিষিদ্ধের দাবিও জানায় বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের ব্যয় কমাতে ট্রাম্প সরকারি দক্ষতা বিভাগ নামে একটি বিশেষায়িত সংস্থার দায়িত্ব দিয়েছেন ইলন মাস্ককে। মাস্কের নেতৃত্বে ডিওজিই এরই মধ্যে এক লাখের বেশি ফেডারেল কর্মীকে ছাঁটাই করেছে। যুক্তরাষ্ট্রে ২০ লাখের বেশি বেসামরিক ফেডারেল কর্মী রয়েছেন। এ ছাড়া ডিওজিই বৈদেশিক সহায়তা বন্ধ ও কয়েক হাজার প্রকল্প ও চুক্তি বাতিল করেছে। এছাড়াও লস অ্যাঞ্জেলেসসহ যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহরেও ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।