চার কোটি টাকার চেক প্রতারণার অভিযোগে করা মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার বেসরকারি আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার মো. শাহিবুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান এ আদেশ দেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৫ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার বাদী হয়ে সাকিব আল হাসানসহ চার জনের বিরুদ্ধে মামলাটি করেন। অপর আসামিরা হলেনসাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম।
আসামিদের গত ১৯ জানুয়ারি হাজির হতে সমন দেয় আদালত। ইমদাদুল হক আত্মসমর্পণ করে জামিন পান। সাকিব আল হাসান ও গাজী শাহাগীর হোসাইন আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। গাজী শাহাগীর হোসাইনও আত্মসমর্পণ করে জামিন নেন। সাকিব আল হাসান আদালতে উপস্থিত না হওয়ার বাদীপক্ষের আইনজীবী রাফি আহসান তার সম্পদ ক্রোকের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ‘সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড’- এর চেয়ারম্যান হিসেবে সাকিব দায়িত্ব পালন করছেন। কোম্পানিটির কার্যক্রম সাতক্ষীরায়। কোম্পানিটি ২০১৭ সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে এক কোটি এবং টার্ম লোন হিসেবে দেড় কোটি টাকা বনানী শাখার আইএফআইসি ব্যাংক থেকে ঋণ নেয়। পরে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নেওয়া টাকা সময়মতো পরিশোধ না করায় ব্যাংকটি এই টাকা মেয়াদি লোনে পরিবর্তন করে। টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিস দেওয়ার পর কোম্পানিটি ব্যাংককে গত বছরের ৪ সেপ্টেম্বর চার কোটি ১৪ লাখ টাকার দুটি চেক দেয়। তবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেক বাউন্স করে, পরে এ মামলাটি করা হয়।
২৪৬/ আদালত