ড্যাপ বাতিল চায় ভূমি মালিক সমিতি

ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাতিল চায় ঢাকা সিটি ভূমি মালিক সমিতি। এই দাবিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল হকের কাছে স্মারকলিপি দিয়েছেন সংগঠনটির নেতারা। সোমবার রাজউক ভবনে এ স্মারকলিপি দেন তারা। এ সময় সংগঠনটির প্রধান সমন্বয়ক প্রফেসর ড. দেওয়ান এম.এ. সাজ্জাদসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপি তারা ৫ দফা দাবি জানান। এর মধ্যে ‘অযৌক্তিক ও বাস্তবতা বিবর্জিত ড্যাপ ২০২২-৩৫’ বাতিল করে আগের জনবান্ধব বিধিমালা ২০০৮ এর আলোকে ইমারত নির্মাণ বিধিমালা ২০২৫ ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে। ড্যাপে নগরীকে ‘পরিকল্পিত ও অপরিকল্পিত’ এই দুই ভাগে বিভক্তিতে চরম বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। এই ড্যাপ বাতিল করে সর্বজনীন নগরায়ণের ড্যাপ প্রণয়ন করতে হবে। ড্যাপ ও বিধিমালা সংশোধন করে ভবনের উচ্চতা ও দৈর্ঘ্য বৃদ্ধি, ফ্লোর- ফ্ল্যাট ও কক্ষের আকৃতির নকশা মালিকবান্ধব, ইউনিট ফার বাতিল, বৈষম্যমূলক ফার সংশোধন, উচ্চতা অনুযায়ী সেটব্যাক সহনীয় রাখা ও এলাকা অনুযায়ী ইউনিট সংখ্যা এবং ইউনিট সাইজ নির্ধারণ করা ভাবেনা। রাজউকের অনড়, রক্ষণশীল মনোভাব, ইগো ও বাস্তবতাবিবর্জিত তথাকথিত পাশ্চাত্য নগরায়ণের ভূত আর পরিবেশ বিপর্যয়ের কাল্পনিক অজুহাতে আড়াই লাখ ভূমি মালিকের স্বার্থের পরিপন্থি ‘মরণফাঁদ’ ড্যাপ বাতিল করে জনবান্ধব ও জনস্বার্থের অনুকূলে ফিরিয়ে এনে ঘুষ-দুর্নীতি, অনিয়ম, জনভোগান্তি দূর করতে হবে। ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার (বাসস ২৮ জানুয়ারি-২০২৫) বলেছেন, ভূমির ওপর মানুষের অধিকার সর্বজনীন। মানুষের জীবন ভূমি ব্যবস্থাপনার সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। সেই আলোকে নগর উন্নয়ন কমিটিতে মূল অংশীজন হিসেবে ভূমি মালিকদের প্রতিনিধিত্ব অন্তর্ভুক্ত করতে হবে।’