জুলাই আন্দোলনে চট্টগ্রামে শিক্ষার্থী ওয়াসিমকে হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন বিচারকের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। বিচারিক প্যানেলের অপর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
তদন্ত ও গ্রেপ্তারের স্বার্থে গ্রেপ্তারে পরোয়ানাভুক্ত আসামিদের সবার নাম প্রকাশ করেনি প্রসিকিউশন। তবে, খোঁজ নিয়ে জানা গেছে, আসামিদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি রয়েছেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ। শুনানিতে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, চট্টগ্রামে জুলাই-আগস্টের আন্দোলনকারীদের ওপর যেসব হত্যাকা- চালানো হয়েছে এর বেশিরভাগে সম্পৃক্ত ছিল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। তদন্ত সংস্থার অনুসন্ধান, ঘটনার ভিডিও ফুটেজ এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে তাদের শনাক্ত করা হয়েছে। আদালত শুনানি শেষে গ্রেপ্তারি পরোয়ানা জারির এ আদেশ দেয়। এ ছাড়া একই মামলায় ফিরোজ নামে একজন অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় তার বিষয়ে গ্রেপ্তারের আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করে।
আদেশের পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, জুলাই- আগস্টে চট্টগ্রামে গণহত্যায় হাছান মাহমুদ, আ জ ম নাছিরসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন আমরা করেছিলাম। আদালত আবেদনটি মঞ্জুর করে পরোয়ানা জারির আদেশ দিয়েছে।
এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে হত্যাকা-ের ঘটনায় ওমর ফারুক নামে আনসারের এক বহিষ্কৃত সদস্যের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সময়ের আবেদন মঞ্জুর করে আদালত। আসামি ওমর ফারুককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।