জনপ্রশাসন মন্ত্রণালয়

সরকারি চাকরিতে কোটা পর্যালোচনায় ১১ সদস্যের কমিটি

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদেশ জারি করেছে। কমিটির প্রধান হবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি) এবং সদস্য সচিব হবেন উপসচিব (বিধি-১)। কমিটির অন্য সদস্যরা হলেন প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, সরকারি কর্মকমিশন ও লেজিসলেটিভ এবং সংসদবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পর্যায়ের একজন করে প্রতিনিধি।

এই কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে সুপারিশ-সংবলিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ওপর নৃশংস আক্রমণ করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার।

এর আগেই ২৩ জুলাই আপিল বিভাগের রায়ের ভিত্তিতে সরকার কোটা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে সরাসরি নিয়োগে ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। বাকি পদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ কোটা রাখা হয়েছে।