পদ্মা সেতুতে ১২ ঘণ্টায় ৩ কোটি টাকার টোল

ঈদযাত্রায় মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। এই সেতুতে গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে গতকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ১২ ঘণ্টায় প্রায় ২৭ হাজার ছোট-বড় যানবাহন পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭ লাখ টাকার।

অন্যদিকে ঈদযাত্রায় টাঙ্গাইলের যমুনা সেতুতে এক দিনে ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হলেও কমেছে টোল আদায়ের হার। এই সেতুতে এক দিনে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ দেশ রূপান্তরকে জানান, সেতুর মাওয়া প্রান্তে বৃহস্পতিবার রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৬ ঘণ্টায় ৪৮ লাখ ৮৫ হাজার ৭৫০ টাকার টোল আদায় করা হয় ৪ হাজার ৬৩১টি যানবাহন থেকে। অন্যদিকে, জাজিরা প্রান্তে ৪৭ লাখ ৪৯ হাজার ৫৫০ টাকায় টোল আদায় করা হয় ৩ হাজার ৭৬টি যানবাহন থেকে। উল্লিখিত সময়ে দুই প্রান্তে মোট ৯৬ লাখ ৩৫ হাজার ৩০০ টাকার টোল আদায় করা হয়েছে ৭ হাজার ৭০৭টি যানবাহন থেকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গতকাল সকাল ৭টা থেকে মাওয়া প্রান্তে যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে দুই প্রান্তে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ কোটি ৩ লাখ ৭১ হাজার ৭০০ টাকার টোল আদায় করা হয়েছে ১৯ হাজার ২৯৩টি যানবাহন থেকে।

গতকাল সকালে টোল প্লাজায় যানবাহনের চাপ বাড়ায় মোটরসাইকেলের জন্য অস্থায়ীভাবে ৩টি আলাদা বুথ চালু করা হয় বলেও জানান প্রকৌশলী আবু সাঈদ।

সরেজমিনে দেখা যায়, রাতে পদ্মা সেতুতে যানবাহনের তেমন চাপ না থাকলেও গতকাল সকাল থেকে গণপরিবহন, ব্যক্তিগত প্রাইভেটকার ও মোটরসাইকেলের চাপ বাড়তে থাকে। মাওয়া প্রান্ত থেকে পার্শ্ববর্তী উপজেলা শ্রীনগরের সমাষপুর এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রায় ৪ কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।

যমুনা সেতুতে কমছে টোল আদায় : যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল জানান, এই সেতুতে গত বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে টাঙ্গাইল অংশে সেতুর পূর্ব প্রান্তে উত্তরবঙ্গগামী লেনে ২০ হাজার ২৪১টি যানবাহন পার হয়েছে। এতে ১ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয় এবং সিরাজগঞ্জ অংশে সেতুর পশ্চিম প্রান্তে ঢাকাগামী লেনে ১৪ হাজার ৯৮৬টি যানবাহন পার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা। তার আগের ২৪ ঘণ্টায় ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকার টোল আদায় হয় সেতু পারাপার হওয়া ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন থেকে।