৪৩ বছর বয়সে ১৬ বলে ৩০; নতুন রেকর্ডে ধোনি

বয়স যে কেবল সংখ্যা, ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনি –সবাই প্রমাণ করে যাচ্ছেন। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ধোনির ব্যাটে দেখা গেল ঝড়। অবশ্য দলের বাকিদের ব্যর্থতায় চেন্নাই জিততে পারেনি। ৫০ রানে পরাজয়ের ম্যাচে নতুন রেকর্ড গড়েছেন ধোনি।

শুক্রবারের ম্যাচটিতে ধোনি খেলেছেন ১৬ বলে ৩ চা ২ ছক্কায় ৩০ রানের অপরাজিত ইনিংস। এর মাধ্যমে তিনি আইপিএলের ইতিহাসে চেন্নাই সুপার কিংসের হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন সুরেশ রায়না। চেন্নাইয়ের জার্সিতে ২৩৬টি ম্যাচে ধোনির রান এখন ৪ হাজার ৬৯৯। আর রায়না ১৭৮ ম্যাচে ৪ হাজার ৬৮৭ রান করেছিলেন।

২০০৮ সাল থেকে চেন্নাইয়ের হয়ে খেলছেন ধোনি। তবে চেন্নাই নিষিদ্ধ থাকায় মাঝে দুই বছর রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলেছিলেন। পাঁচবারের শিরোপাজয়ী চেন্নাইয়ের হয়ে ২২টি ফিফটি করেছেন ধোনি। তার ব্যাটিং গড় ৪০.৫০ আর স্ট্রাইক রেট ১৩৯.৪৩। দলটির হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডে ধোনি এবং রায়নার পরে আছেন ফাফ ডুপ্লেসি (৯২ ম্যাচে ২৭২১ রান), রুতুরাজ গায়কোয়াড় (৬৮ ম্যাচে ২৪৩৩ রান) এবং রবীন্দ্র জাদেজা (১৭৪ ম্যাচে ১৯৩৯ রান)।