চকরিয়ায় ট্রাক-কার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত 

কক্সবাজারের চকরিয়ায় ট্রাক ও কারের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৯ মার্চ) ভোর রাত ৩টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হারবাং হাইওয়ে থানার ইনচার্জ মো. আরিফুল আমিন।

নিহত আবুল কালাম আজাদ চট্রগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভার মৃত ফেরদৌস আহমেদের ছেলে এবং চট্টগ্রাম টেরি বাজারস্থ মোনালিসা শপিং মলের সত্ত্বাধিকারী।

হারবাং হাইওয়ে থানার ইনচার্জ মো. আরিফুল আমিন বলেন, রাত ৩টার দিকে কক্সবাজারগামী ট্রাক ও চট্টগ্রামগামী কার চকরিয়ার বানিয়ারছড়া এলাকায় এলে ট্রাক ও কার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়েমুচড়ে যায়। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় কারে থাকা ৩ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

তিনি বলেন, কার ও ট্রাকটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ট্রাকের চালক পালাতক। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।