দীর্ঘ এক যুগ পর কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বোয়ালমারী খালের প্রায় দুই কিলোমিটার অংশে খননকাজ শুরু হয়েছে। এর ফলে অন্তত ৪০০ একর অনাবাদি কৃষিজমি আবারও চাষের আওতায় আসবে বলে আশা করছেন স্থানীয় কৃষক ও কৃষি কর্মকর্তারা। সোমবার (১৮ মে) সকাল ১০টায় খননের উদ্বোধন কররে চকরিয়া উপজেলা প্রশাসক শাহীন দেলোয়ার।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত খাল খনন কর্মসূচির আওতায় এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, পাহাড়ঘেরা সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম ছিল বোয়ালমারী শাখা খালটি। প্রতিবছর বর্ষাকালে পাহাড় থেকে নেমে আসা মাটি ও পলিতে খালটি ধীরে ধীরে ভরাট হয়ে পড়ে। দীর্ঘদিন খনন না হওয়ায় খালের পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে যায়। এতে সেচব্যবস্থা ব্যাহত হওয়ায় তিন শতাধিক কৃষক দুর্ভোগে পড়েন। পাশাপাশি এলাকার বিপুল পরিমাণ কৃষিজমি বছরের পর বছর অনাবাদি অবস্থায় পড়ে থাকে।
স্থানীয় কৃষকরা দাবি, খালটি খননের জন্য বহুবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পরে বিষয়টি নিয়ে উদ্যোগ নেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সমাজকর্মী সাইফুল কবির চৌধুরী। তিনি কৃষকদের সমস্যার কথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হককে অবহিত করেন।
বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, খননকাজ শেষ হলে খালে পানির স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে। এতে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত হবে এবং অনাবাদি জমি পুনরায় চাষের আওতায় আসবে।