বোলারদের বলের গতি পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় স্পিডোমিটার। এর মাধ্যমে প্রতিটি বলের গতি পরিমাপ করে সাথে সাথে সম্প্রচার করা হয়। কিন্তু আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্সের ম্যাচে এমন একটা বল হয়েছে, যেটার গতি পরিমাপই করতে পারেনি স্পিডোমিটার! এটাকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে ধীরগতির বল হিসেবে বলা হচ্ছে।
ধীরগতির এই বলটি করেছেন মুম্বাইয়ের বোলার সত্যনারায়ণ রাজু। গুজরাটের ইনিংসের ১৩তম ওভারে ব্যাটসম্যান ছিলেন জস বাটলার। তিনি ব্যাক অফ দ্য হ্যান্ড ডেলিভারি করতে গিয়েছিলেন। কিন্তু টাইমিংয়ে গোলমাল হওয়ায় বলটি মিডল উইকেটেরও অনেকটা আগে মাটি স্পর্শ করে। ড্রপ খেয়ে ভাসমান অবস্থায় এগিয়ে যেতে থাকে বাটলারের দিকে। অনেকক্ষণ অপেক্ষা করে সেই বলে বাউন্ডারি হাঁকান বাটলার।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বাটলার বলটি ছেড়ে দিলে সেটি আরও একবার ড্রপ খেত। সেক্ষেত্রে আম্পায়ার ‘নো বল’ ঘোষণা করতেন। রাজুর সেই ওভারের বাকি বলগুলোর গতি দেখানো হলেও নির্দিষ্ট ওই বলটির গতি স্পিডোমিটারে ধরা পড়েনি। এতে অনেকেই বলছেন, এটা হয়তো আইপিএলের মন্থরতম বল। যদিও এ বিষয়ে অফিসিয়াল কোনো বক্তব্য আসেনি। এবারই প্রথম আইপিএল খেলা রাজু ম্যাচটিতে ৩ ওভারে ৪০ রান দিয়েছেন।