স্বপ্ন সত্যি হচ্ছে পেলেগ্রিনির, যোগ দিচ্ছেন নেইমারের সান্তোসে

একসময় সান্তোসের যুব একাডেমিতে স্বপ্ন দেখেছিলেন বড় তারকা হওয়ার, কিন্তু পেশাদার ফুটবলের জটিল সমীকরণে হারিয়ে গিয়েছিলেন জোয়াও পেলেগ্রিনি। তবে ভাগ্যের এক অনন্য মোড় তাকে এনে দিল নতুন স্বপ্ন।

সাত বছর ধরে পর্তুগালের নিচের স্তরের লিগে খেলার পর ফুটবল থেকে প্রায় বিমুখই হয়ে পড়েছিলেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। কিন্তু ২৭ বছর বয়সে জীবনের মোড় ঘুরিয়ে দিল কিংস লিগ ব্রাজিল। নেইমারের মালিকানাধীন ফুরিয়া দলে খেলার সুযোগ পেয়েছেন তিনি, আর এ সুযোগ এনে দিয়েছে কিংস লিগের ড্রাফট।

ছোটবেলা থেকেই নেইমারকে দেখেই বড় হয়েছেন পেলেগ্রিনি। সান্তোসের যুব একাডেমিতে যখন তিনি ফুটবলের পাঠ নিচ্ছিলেন, তখনই পেশাদার ফুটবলে ধীরে ধীরে আলো ছড়াতে শুরু করেন নেইমার। তবে দু’জনের সরাসরি দেখা হয়নি কখনও।

তবে সময় বদলেছে। এবার পেলেগ্রিনি নেইমারের হাত ধরেই পেয়েছেন নতুন সুযোগ। কিংস লিগ ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে ফুরিয়ার হয়ে খেলতে নেমেই জালে বল পাঠিয়েছেন তিনি। গ্যালারিতে বসে ছিলেন নেইমার নিজেই। 

স্বপ্নপূরণের অনুভূতি নিয়ে পেলেগ্রিনি বললেন, 'এটা অবিশ্বাস্য, যেন একটা স্বপ্ন সত্যি হলো। নেইমারের দলে খেলতে পারাটা আমার জন্য বিশাল সম্মানের।'

সান্তোসে সুযোগ না পেয়ে ইতালির জেনোয়ার যুব দলে কিছুদিন ছিলেন পেলেগ্রিনি। এরপর পাড়ি জমান পর্তুগালে, কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য আর আসেনি। একসময় পেশাদার ফুটবল ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন।

ঠিক তখনই পেলেগ্রিনির ব্যক্তিগত প্রশিক্ষক তাঁকে পরামর্শ দেন কিংস লিগের ট্রায়ালে নাম লেখানোর। অনলাইনে নিজের ভিডিও পাঠিয়ে সুযোগ পান নির্বাচনী ক্যাম্পে। সেখানে বাজিমাত করেই জায়গা করে নেন ড্রাফটে। আর সেই ড্রাফট থেকেই নেইমার তাঁকে বেছে নেন ফুরিয়ার তৃতীয় পছন্দ হিসেবে।

নেইমারের দলে সুযোগ পাওয়া মানেই বিশাল প্রত্যাশার চাপ। তবে পেলেগ্রিনি এই চ্যালেঞ্জটা স্বাগত জানাচ্ছেন, 'আমি এটাকে শেষ সুযোগ হিসেবে দেখি না, কিন্তু জানতাম সময় ফুরিয়ে আসছে। ২৭ বছর বয়স হয়ে গেছে। তবে আমি কখনোই বিশ্বাস হারাইনি। ফুটবলের বাইরে অন্য কোথাও গিয়ে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম, আর এই সুযোগটা এসেছে সঠিক সময়ে।'

কিংস লিগ ব্রাজিলের জনপ্রিয়তা বাড়ছে, আর পেলেগ্রিনিও এই মঞ্চকেই ভবিষ্যৎ ক্যারিয়ারের ভিত্তি হিসেবে দেখছেন। ফুটবলে না হলেও ইনডোর ফুটবলে তার নতুন স্বপ্ন এখন উড়াল দেওয়ার অপেক্ষায়!