অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধে সরকার মনে করছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ ছাড়া আর দেশি-বিদেশি যারা আমাদের সহযোগী ও স্টেকহোল্ডার রয়েছে তাদের পরামর্শ ছাড়া সরকার একা এ সিদ্ধান্ত নিতে পারে না। জনগণ বারবার বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে। আমরা মনে করছি সরকার সবার সঙ্গে পরামর্শ-পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জুন ২০২৬-এর মধ্যে নির্বাচন দেবেন। এটি হচ্ছে সংস্কার কতটুকু হবে, কীভাবে হবে তার ওপর নির্ভর করবে। এর ভেতরেই নির্বাচন আমরা সীমিত রাখি। এর বেশি উচ্চাশা সরকারের ভেতর থেকেও নেই। আর এটা নিয়ে ধোঁয়াশারও কিছু নেই। যে কবে নির্বাচন হবে? নির্বাচন দেবে কি?
দেবে না? অবশ্যই নির্বাচন হবে। ডিসেম্বর অথবা জুন দুটি টাইমলাইন আছে। এই টাইমলাইনের ভেতরেই হয়ে যাবে। এই কথার বাইরে সরকার হয়তো যাবে না। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিক, নির্বাচন হবে।
গতকাল বুধবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পূর্ব নারায়ণপুর ইসলামিয়া জুনিয়র দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বাড়িতে পৌঁছে মা-বাবাসহ স্বজনদের সঙ্গে দেখা করার পর তার দাদা-দাদির কবর জিয়ারত করেন।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কথা বলেন গণমাধ্যম সংস্কার কমিশন নিয়েও। তিনি বলেন, গণমাধ্যম কমিশন যে পর্যালোচনা আছে। সেটা নিয়ে পর্যালোচনা হবে, সব স্টেকহোল্ডারদের সঙ্গে বসে। পরে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে যেটুকু করা সম্ভব। সেটা সংস্কার করে যাব। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের বেতন-ভাতার বিষয়টি আছে। এটি সিরিয়াস ইস্যু। এ ছাড়া মালিকানা ইস্যুও রয়েছে। সব পর্যালোচনা করা হচ্ছে।
এ সময় মাহফুজ আলমের বাবা ও ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লা, জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সংগঠক হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসেন, মুখপাত্র বায়েজীদ হোসেন ও মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ প্রমুখ।
তথ্য উপদেষ্টা বিকেলে স্থানীয় প্রশাসন ও উপজেলার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে সামাজিক কর্মসূচিতে অংশ নেন। এ ছাড়া লামচরে মজুপুর গ্রামের বাড়িতে স্থানীয় গণমানুষের সঙ্গে উঠান বৈঠকেও কথা বলেন তিনি।