সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা

লুণ্ঠিত অস্ত্র উদ্ধার হলে উন্নতি হবে আইনশৃঙ্খলার

বিভিন্ন থানা থেকে গত ৫ আগস্টের পর লুট হওয়া সব অস্ত্র উদ্ধার হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি বিজিবি সদর সেক্টরে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়ে কাউকে চাঁদাবাজি বা অস্ত্রবাজি করতে দেওয়া হবে না, এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেউ যাতে হাতে তুলে না নেয়, সে বিষয়ে সকলের সহযোহিতা চাইলেন।তিনি বলেন, ভারতের মিডিয়া মিথ্যা সংবাদ প্রচার ও গুজব রটিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। দেশের মিডিয়াকে এই অপপ্রচারকে প্রতিহত করতে হবে।

এর আগে রাঙ্গামাটির সাজেক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা  সুপ্রদীপ চাকমা। সকাল ১১টার দিকে বিজিবির হেলিকপ্টারযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা ও পার্বত্য উপদেষ্টা রাঙ্গামাটির বাঘাইহাট এলাকায় ৫৪ বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ান এবং সেনাবাহিনীর বাঘাইহাট জোন পরিদর্শন করেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীতে চাকরিরত থাকা অবস্থায় পূর্ব পরিচিত স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর বাঘাইহাট থেকে দুপুর একটার দিকে ২৭ বিজিবির সাজেক বিওপিতে পৌঁছান।  সেখানে বিজিবির ক্যান্টিন সীমান্ত শৈলীতে স্থানীয় হেডম্যান (মৌজা প্রধান), কার্বারি (পাড়া প্রধান) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

সাজেকে অগ্নিকা-ের ঘটনায় আগুন নির্বাপণের গুরুত্ব বিবেচনায় সেখানে অস্থায়ীভাবে ফায়ার সার্ভিসের একটি গাড়ি নিয়োজিত রাখার জন্য সংস্থাটির মহাপরিচালককে নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর  জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ শাখা) ব্রিগে. জেনারেল  মো. সোহরাব হোসেন ভূঁইয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগে. জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (ব্যুরো চিফ), পিলখানা ব্রিগে. জেনারেল মো. ইয়াছির জাহান হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব কাজী  মোহাম্মদ সাইফুল ইসলাম, উপমহাপরিচালক (পূর্ত) কর্নেল  সোহেল আহমেদ, পরিচালক (সংগঠন ও ব্যবস্থাপনা) লে. কর্নেল মো. আতিফ সিদ্দিকী, পিএস টু ডিজি বিজিবি লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী, এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আবু নোমান সরকার, এডিসি টু ডিজি বিজিবি ক্যাপ্টেন সাকিব হাসান, স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) কাজী হাফিজ আমিন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স শামস আরমান।