উৎসব শেষে ক্লান্ত ত্বকের যত্ন

ঈদের ছুটিতে ঘোরাঘুরি এবং খাওয়া-দাওয়া হয় সবারই। দীর্ঘ ভ্রমণও করতে হয় কারও কারও। এর সঙ্গে যোগ হয়েছে ঈদের সাজগোজ দীর্ঘসময় ধরে মেকআপ রাখা। ফলে ত্বকের ধকল হয়  অনেক। ফলে ত্বক হয়ে পড়েছে নির্জীব ও মলিন। ক্লান্ত ত্বকে দেখা দিতে পারে ব্রণ, র‌্যাশ, রোদে পোড়া দাগ ইত্যাদি। তাই এ সময় প্রয়োজন হয় ত্বকের বাড়তি যত্ন। কীভাবে যত্ন নেবেন জেনে নিন।

ত্বকের ডিটক্স : অনেক বেশি মেকআপের পর প্রয়োজন হয় ভালোভাবে ত্বক পরিষ্কার করা। শুরুতেই অয়েল ক্লিনজার বা যেকোনো মেকআপ ওয়াইপস দিয়ে মুখ, গলা ও কাঁধ মুছে ফেলুন। তারপর ত্বকের উপযোগী ফেসিয়াল ক্লেনজার বা ফোম বেজড ক্লেনজার দিয়ে মুখ ধুয়ে নিন। তুলার সাহায্যে টোনার দিয়ে ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার দিন। ত্বক বেশি নির্জীব হলে ত্বকে সিরাম দিন। দিনের বেলা বাইরে বের হলে পিএসপি সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার জরুরি। ত্বক পরিষ্কার করতে ত্বক উপযোগী ফেস মাস্ক ব্যবহার করতে হবে।

নিজের যত্ন : ঈদ উদযাপনের ব্যস্ততায় অনেকই ক্লান্ত বোধ করেন। দেহের ক্লান্তির সঙ্গে ত্বকের ক্লান্তিও ফুটে ওঠে। গোসলের পানিতে অ্যালোভেরা বা এসেনশিয়াল অয়েল যোগ করলে শরীর ও মন দুয়েরই রিলাক্সেশন হবে। গোসলের পানিতে ল্যাভেন্ডার অয়েল ও মধু মিশিয়ে নিতে পারেন। মধু ত্বককে কোমল করার পাশাপাশি ত্বকের নানা ধরনের সংক্রমণ দূর করবে। আর ল্যাভেন্ডার স্ট্রেস দূর করার পাশাপাশি পেশির ক্ষত সারতে উপকারী।

লেবুযুক্ত সাবান : মুহূর্তেই ক্লান্তি জুড়াতে লেবুর জুড়ি মেলা ভার। লেবুর গন্ধযুক্ত সাবানে মুহূর্তেই ত্বক হয়ে উঠবে তাজা ও ফুরফুরে। একই ধরনের কাজ করবে পুদিনা, ইউক্যালিপটাস তেল, সেজপাতা, কমলালেবু বা অন্য যেকোনো ধরনের লেবুযুক্ত সাবান। যাদের দীর্ঘ সময় ভ্রমণ করতে হয়েছে তাদের জন্য এই সাবান খুবই উপকারী।

চোখের যত্ন : উৎসব মানেই রাত জেগে আড্ডা, দাওয়াত, ঘোরাঘুরি ও ঘুমের অনিয়ম। ফলে চোখের নিচের ত্বকে ফোলা ভাব ও কালচে দাগ দেখা দেয়। মুক্তি পেতে চোখের নিচে আন্ডার আই মাস্ক ব্যবহার করতে পারেন।

আলু ও শসা ছেঁচে ফ্রিজে রেখে বরফের মোল্ডে জমিয়ে নিতে পারেন। এই বরফের টুকরা দিয়ে চোখের যত্ন নিন। হাতে সময় না থাকলে শসা ও আলু স্ল্যাইস করেও ডিপ ফ্রিজে রেখে ব্যবহার করলে উপকার পাবেন।

ঠোঁটের যত্ন : দীর্ঘসময় মেকআপে মুখের অন্যান্য অংশের মতো ক্ষতিগ্রস্ত হয় ঠোঁট। আমাদের ঠোঁটের চামড়া তুলনামূলক পাতলা। ঠোঁটের মরা চামড়া পরিষ্কার করা জরুরি। চিনি ও লেবুর রস মিশিয়ে স্ক্রাবিং করতে পারেন। আবার বানিয়ে নিতে পারেন ওটস ও আদার স্ক্রাব। একই পরিমাণের ওটমিল, ব্রাউন সুগার আর আদা ব্লেন্ড করে পেস্ট বানিয়ে ঠোঁটে লাগিয়ে স্ক্রাব করলে পাবেন কালো দাগমুক্ত কোমল ঠোঁট।

ব্লাকহেডস ও হোয়াইটহেডস : ঈদের আগেই হয়তো ফেসিয়াল করেছেন। কিন্তু এই কদিনের একটানা ঘোরাঘুরি, মেকআপ ও ঘুমের অনিয়মে ত্বকে নানারকম সমস্যা দেখা দিতে পারে। পুরো মুখেই চারকোল মাস্ক বা অন্য কোন মাস্ক ব্যবহার করতে পারেন। নাকের ওপর বা চারধারে জমা ব্ল্যাকহেডস দূর করত নাকের জন্য আলাদা যে পোর ক্লিনজিং স্ট্রিপ পাওয়া যায় সেগুলো ব্যবহার করা যায়। এতে মুখের সব অংশের ত্বক সমান ও মসৃণ লাগবে।