ভারতের কিংবদন্তি ক্রিকেটার তথা বিশ্বকাপজয়ী কোচ রাহুল দ্রাবিড় খেলোয়াড়ী জীবনে মাঠ এবং মাঠের বাইরে ছিলেন নিপাট ভদ্রলোক। প্রতিপক্ষ খেলোয়াড়েরাও তাকে সম্মান করত। যে কোনো পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে তিনি ব্যাট হাতে দেয়াল হয়ে দাঁড়াতেন। সেই রাহুল দ্রাবিড়কেই আদর্শ হিসেবে গ্রহণ করেছেন ভারতের তরুণ প্রতিভা যশস্বী জয়সওয়াল।
মারকুটে হিসেবে খ্যাত জয়সওয়াল চলতি আইপিএলে এখনো বড় রান করতে পারেননি। তিন ম্যাচে তার সংগ্রহ মোটে ৩৪ রান। রাজস্থান রয়্যালসে তিনি কোচ হিসেবে পেয়েছেন কিংবদন্তি দ্রাবিড়কে। এমন একজন মহাতারকার সান্নিধ্য খুব উপভোগ করছেন। সম্প্রচারকারী চ্যানেলে তিনি বলেন, ‘দ্রাবিড় স্যার একজন দুর্দান্ত মানুষ। তার মতো একজনের এত কাছে থাকা ও শেখার সুযোগ পেয়েছি।’
এই তরুণ ব্যাটার আরও বলেন, ‘শুধু ক্রিকেটীয় বিষয় নয়, মাঠের বাইরেও দ্রাবিড় স্যারের থেকে অনেক কিছু শেখা যায়। দ্রাবিড় স্যার যেভাবে চলাফেরা করেন, কথা বলেন, ক্রিকেট নিয়ে ভাবেন, সকলকে সম্মান করেন, সেটা এক কথায় অসাধারণ। এত বছর ধরে উনি এটা বয়ে নিয়ে চলেছেন। আমি তার মতো হতে চাই।’
জয়সওয়ালের স্বপ্ন তিন ফরম্যাটেই জাতীয় দলের প্রতিনিধিত্ব করা। সব ফরম্যাটে মানিয়ে নেওয়ার শিক্ষা তিনি দ্রাবিড়ের থেকে নিচ্ছেন, ‘দ্রাবিড় স্যার শিখিয়েছেন, কীভাবে প্রতিটি ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে হয়। আগে প্রথম বল থেকে বড় শট খেলার চেষ্টা করতাম। এখন অনেক পরিণত হয়েছি। যদি ১০ বলে ৩০ রান করতে হয়, তাহলেও আমি তৈরি। আবার ৫০ বলে ১০ রান করার মতো পরিস্থিতিতেও আমি তৈরি। দ্রাবিড় স্যারের এই শিক্ষা আমি কাজে লাগাতে চাই।’