১৫ বছর পর চিপক জয় করলেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার দিনের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ২৫ রানে হারিয়েছে দিল্লি। এবারের মৌসুমে তিন ম্যাচের সবকটিতেই জয়ের দেখা পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি ধরে রাখলো অক্ষর প্যাটেলের দল। জয় দিয়ে মৌসুম শুরুর পর টানা তিন ম্যাচেই হারের তেতো স্বাদ পেতে হলো চেন্নাইকে।
আগে ব্যাটিংয়ে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন দিল্লির জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক। তবে শুরু থেকে শেষ ওভারে আউট হওয়ার আগ পর্যন্ত দিল্লির ইনিংস টেনে নিয়ে যান লোকেশ রাহুল। ৬ চার, ৩ ছ্ক্কায় ৫১ বলে ৭৭ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া অভিষেক পোরেল ২০ বলে ৩৩ ও ট্রিস্তান স্টাবস ১২ বলে অপরাজিত ২৪ রান করেন। ২ উইকেট নেন খলিল আহমেদ। ৬ উইকেটে ১৮৩ রান জড়ো করে দিল্লি।
জবাবে এ ম্যাচেও শুরুর ব্যাটাররা রান এনে দিতে ব্যর্থ হন চেন্নাইকে। ১১ ওভার শেষ হওয়ার আগেই মাত্র ৭৪ রানে ৫ উইকেট খুঁইয়ে বসে দলটি। এর পর ক্রিজে আসেন মহেন্দ্র সিং ধোনি। বিজয় শংকরের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৫৭ বলে ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লেও দলকে জেতাতে পারেননি। খামতি থেকে যায় ২৫ রানের। ২৬ বলে ৩০ রান করেন ধোনি। শংকরের ব্যাটে আসে ৫৪ বলে ৬৯ রান। ৪ ম্যাচে ১ জয়ে টেবিলের একদম তলানীতে অবস্থান চেন্নাইয়ের। ম্যাচসেরা হন রাহুল।
সাফের নির্বাচনে চোখ সালাউদ্দিনের
তামিমের জায়গায় অধিনায়কত্ব উপভোগ করতে চান হৃদয়