প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনির নিউ ব্রিটেন অঞ্চলের উপকূলে ৭.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ৪৯ কিলোমিটার গভীরে। এর পরপরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র একটি সতর্কতা জারি করেছিল। সতর্কতায় বলা হয়েছিল, পাপুয়া নিউ গিনির কিছু উপকূলীয় এলাকায় তিন মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে। নিকটবর্তী সলোমন দ্বীপপুঞ্জে ০.৩ মিটার উচ্চতার ছোট ঢেউয়ের সম্ভাবনার ব্যাপারে সাবধানতা জারি করা হয়েছিল যদিও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। নিউ ব্রিটেন দ্বীপের জনসংখ্যা পাঁচ লাখের একটু বেশি। তবে সেখানে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পাপুয়া নিউ গিনি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা ‘আগ্নেয় বৃত্তে’ অবস্থিত, যা প্রশান্ত মহাসাগরের চারপাশে বিস্তৃত একটি ভূকম্পন সক্রিয় এলাকা এবং যেখানে বিশ্বের অধিকাংশ ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।