চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রবিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ‘সিঙ্গাপুরে ডাক্তার দেখানোর শিডিউল আছে মহাসচিবের। এক সপ্তাহ পর ঢাকায় ফিরবেন তিনি। মহাসচিবের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন।
৭৭ বছর বয়সী ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ১ সেপ্টেম্বর তিনি এবং তার সহধর্মিণী সিঙ্গাপুরে গিয়েছিলেন স্বাস্থ্য পরীক্ষার জন্য। ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।