জুলাই আন্দোলনে চোখ হারানো যুবককে কোপাল সন্ত্রাসীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে চোখ হারানো পিরোজপুরের মো. ফরিদ শেখ লামিম নামে এক কিশোরকে কুপিয়েছে সন্ত্রাসীরা। লামিম পিরোজপুর সদরের টোনা গ্রামের ইলিয়াছ শেখ ও সালমা বেগমের পালিত পুত্র।

রবিবার (৭ এপ্রিল) রাতে টোনা গ্রামের গোপেরহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সালমা বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করে পিরোজপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন পিরোজপুর সদরের রাজারকাঠী গ্রামের নাছির কাজীর ছেলে রাকিব কাজী, শহীদ হাওলাদারের ছেলে রুপম হাওলাদার, মোতাহার কাজীর ছেলে নাজির কাজী, ছিদ্দিক সিকদারের ছেলে শাকিল সিকদার ও শাকিল সিকদারের ছেলে সিয়াম সিকদার।

মামলার লিখিত অভিযোগ বলা হয়, অভিযুক্ত রাকিব কাজীর সঙ্গে আহত ফরিদ শেখের গত রোজায় টোনা গ্রামের মসজিদে বসে কথা কাটাকাটি হয়। তখন উপস্থিত মুসল্লিরা বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু রাকিব ফরিদের ওপর ক্ষিপ্ত থেকে রবিবার রাতে গোপেরহাট এলাকায় একা পেয়ে অন্য আসামিদের নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সোবাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।