বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা জিম্বাবুয়ের

বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ঘোষিত দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস। ফিরেছেন নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিনও। তবে দলে জায়গা হয়নি আরেক অলরাউন্ডার সিকান্দার রাজার।

সবশেষ আয়ারল্যান্ড সিরিজ থেকে বাংলাদেশ সিরিজের দলে তিনটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। আয়ারল্যান্ডের সঙ্গে শন উইলিয়ামস টেস্ট মিস করেছিলেন ব্যাক ইনজুরির কারণে আর আরভিন ব্যক্তিগত কারণে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তাদের দুজনের সঙ্গে দলে ঢুকেছেন তাফাদজোয়া টিসিগা, তার অভিষেক হয়েছিল দুই বছর আগে।

গেল ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের সঙ্গে একমাত্র টেস্টেও ছিলেন না রাজা, সেই সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বেছে নেন তিনি। এবার বাংলাদেশ সফরেও নেই।

টম কারেন ও স্যাম কারেনের ভাই বেন কারেন জিম্বাবুয়ের হয়ে আসছেন বাংলাদেশ সফরে। এবারও দলে আছেন লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা। আয়ারল্যান্ড সিরিজের দলেও ছিলেন তবে খেলার সুযোগ পাননি।

বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। প্রথম টেস্ট সিলেটে ২০ এপ্রিল থেকে, দ্বিতীয়টি হবে চট্টগ্রামে ২৮ এপ্রিল থেকে।

জিম্বাবুয়ে স্কোয়াড : ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, শন উইলিয়ামস, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রাচার্ড এনগারভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজোয়া টিসিগা ও নিকোলাস ওয়েলচ।