রাজধানীর উপকণ্ঠ মুন্সীগঞ্জ জেলার অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত এক আলোচনা সভায় অংশ নিয়েছেন অর্ন্তবর্তী সরকারের স্বরাষ্ট্রসহ ৩ উপদেষ্টা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভা হয়। সভায় উপস্থিত থাকা অন্য ২ উপদেষ্টা হচ্ছেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, সভায় জেলার চলমান ও পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন যেমন সরকারি মেডিকেল কলেজ স্থাপন, সড়ক ও জনপথ বিভাগের রাস্তাঘাট উন্নয়ন, মুন্সীগঞ্জের রাস্তা সংক্রান্ত প্রকল্প ও কাটাখালী খাল উন্নয়ন প্রকল্পসহ উন্নয়ন সংক্রান্ত অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা তাদের পরিকল্পনা ও প্রকল্পের অগ্রগতির তথ্য তুলে ধরেন বলে জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ২ মাসের মধ্যে সরকারিভাবে মুন্সীগঞ্জে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কাজ শুরু হবে। জেলা শহরের পুরনো বাসস্ট্যান্ড থেকে জেলার শ্রীনগর উপজেলার ছনবাড়ি পর্যন্ত চার লেনের সড়ক প্রশস্তকরণের কাজ হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট আগুনে ভস্মীভূত মুন্সীগঞ্জ পৌরসভা ভবন ও শিল্পকলা ভবন সংস্কারের কাজ শুরু করতে বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. মফিদুর রহমান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা, ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, পুলিশের এসবি শাখার অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল, প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়া প্রমুখ।
এদিকে, সভায় জেলার প্রতœতাত্ত্বিক ও দর্শনীয় স্থানসমূহ নিয়ে জেলা প্রশাসন প্রণীত ‘প্রতœকথা’ নামক ভ্রমণ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ ছাড়া জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধরে রাখার জন্য ‘২৪ বিপ্লবের সূতিকাগার’ বিষয়ক একটি বুকলিটও প্রকাশিত হয়। সভাশেষে দুপুর আড়াইটার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকার কবরস্থানে চব্বিশের ৪ আগস্ট আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত তিনজনের কবর জিয়ারত করেছেন ৩ উপদেষ্টা।