ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। গতকাল সোমবার দুপুরে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টর মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ইসরায়েলি পণ্য বলে পরিচিত কোমল পানীয় বর্জন করে ভিন্নধর্মী এ প্রতিবাদ জানান দলটির নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা জানান, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে খাবার টেবিলে কাচ্চির সঙ্গে দেওয়া হয় পানি ও কোমল পানীয়। কোমল পানীয়টি ইসরায়েলি পণ্য বলে পরিচিত হওয়ায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের পণ্যটি বর্জনের আহ্বান জানান। একপর্যায়ে তিনি বোতল খুলে ভেতরের কোমল পানীয় মাটিতে ফেলে দেন। তার আহ্বানে ও দেখাদেখি সেখানে থাকা প্রায় ৫০০০ নেতাকর্মী কোমল পানীয়টি বর্জন করেন।
অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুলসহ দলটির মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান। তিনি বলেন, ‘এই প্রথমবারের মতো স্বাচ্ছন্দ্যে আমরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করতে পেরেছি। আপনারা রমজানে অনেক কষ্ট করেছেন, ভালোমতো কোনো খেদমত আপনাদের করতে পারিনি। এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আপনাদের সেবা করতে চাই। আপনাদের দুঃখ ভাগাভাগি করতে চাই। তারই অংশ হিসেবে আমরা ঢাকার সবাইকে নিয়ে এই মধ্যাহ্নভোজের আয়োজন করেছি।’ এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া চান তিনি।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ‘ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর যে আগ্রাসন চালাচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর পাশাপাশি আমার দলীয় নেতানেত্রীরা যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে বলছি, আজ থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে আমরা ইসরায়েলের সব পণ্য বর্জন করব।’ এ সময় হাত তুলে তার বক্তব্যে সমর্থন জানান নেতাকর্মীরা।
আমিনুল আরও বলেন, ‘দেশের মানুষ শান্তি চায়। দেশের মানুষ নির্বাচন চায়। দেশের মানুষ ভোট দিতে চায়। দেশের মানুষ সংস্কার চায়। কিন্তু সে সংস্কার হতে হবে একটি নির্বাচিত সরকারের মধ্যমে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য খুব শিগগিরই অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা।’