আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজের শাস্তি হয়েছে। জুভেন্তাসের বিপক্ষে সিরি’আ লিগের ম্যাচের পর ‘ধর্মীয় অবমাননাকর’ শব্দ উচ্চারণ করায় ইন্টার মিলান অধিনায়ককে ৫ হাজার ইউরো জরিমানা করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। খবরটি জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
গত ১৬ ফেব্রুয়ারি জুভেন্তাসের বিপক্ষে ম্যাচের পর মার্তিনেজের বিরুদ্ধে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ আনে ফেডারেল প্রসিকিউটরের অফিস। অভিযোগে বলা হয়, ম্যাচ চলাকাঈলন সময়ে মার্তিনেজ দুইবার ব্লাসফেমি বা ধর্ম অবমাননাকর শব্দ উচ্চারণ করেন, যা টেলিভিশন সম্প্রচারে স্পষ্টভাবে ধরা পড়েছে। তবে লাউতারো মার্তিনেজ কী আপত্তিকর শব্দ বলেছিলেন- সেটা পরিস্কার করেনি এফআইজিসি।
সেদিন জুভেন্তাসের কাছে ১-০ গোলে পরাজয়ের পর টিভি ক্যামেরায় মার্তিনেজকে ক্ষুব্ধ দেখাচ্ছিল। কিন্তু এমন অভিযোগ ওঠার পর তা অস্বীকার করেছিলেন ইন্টার মিলান অধিনায়ক। তিনি বলেছিলেন, ‘আমি কখনোই সেই শব্দগুলো উচ্চারণ করিনি। আমি হতাশ ছিলাম, কিন্তু এমন কিছু বলিনি। আমি আমার সন্তানদের শ্রদ্ধাবোধ শিক্ষা দেওয়ার চেষ্টা করি। এ ঘটনা আমার জন্য যন্ত্রণাদায়ক।’
তবে মার্তিনেজের বক্তব্য আমলে না নিয়ে তদন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ফেডারেল প্রসিকিউটর অফিস। তদন্ত শেষে অডিও রেকর্ডিংয়ে তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতাও মেলে। এরপরই তাকে ৫ হাজার ইউরো জরিমানা করা হয়, যায় বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৬৫ হাজার টাকা। এর আগে ২০২১ সালের মার্চে সিরি’আ লিগে কিংবদন্তি গোলকিপার জিয়ানলুইজি বুফনকেও একই অভিযোগে শাস্তি পেতে হয়েছিল।