জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে নতুন মুখ তানজিম হাসান সাকিব। ২২ বছর বয়সী এই পেসার ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিয়মিত মুখ হয়ে উঠলেও লাল বলের সংস্করণে ডাক পেলেন প্রথমবার।
সাকিব মূলত ডাক পেয়েছেন তাসকিন আহমেদের জায়গায়। জাতীয় দলের সিনিয়র পেসারের গোড়ালির চোটের কারণে তিনি খেলতে পারছেন না বছরের প্রথম টেস্ট সিরিজটিতে।
পিএসএলে খেলতে লিটন দাস পাকিস্তানে যাওয়ায় লিটন দা্স এই দলে নেই। জাকির আলীর পাশাপাশি উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে আছেন মাহিদুল ইসলাম অংকন। অভিজ্ঞ মুশফিকুর রহিমকে ফেরানো হয়েছে দলে। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে পারেননি মুশফিক।
তাসকিনের অনুপস্থিতিতে দলে ফেরানো হয়েছে পেসার খালেদ আহমেদকে। নাহিদ রানা ও হাসান মাহমুদ দলের বাকি দুই পেসার। দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের সঙ্গে চার বিশেষজ্ঞ পেসার রয়েছে দলে।
২০২৩ সালের সেপ্টেম্বরে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক তানজিম সাকিবের। ১০ ওয়ানডেতে ১৩ উইকেট নেওয়ার পাশাপাশি ১৮ টি–টোয়েন্টিতে ২৪ উইকেট নিয়েছেন তানজিম। ১৬ ফার্স্ট ক্লাস ম্যাচে ২৫ উইকেট নিয়েছেন তিনি।
২০২৪ সালে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে গেলেও লম্বা সময় পর বাংলাদেশে টেস্ট খেলতে আসছে জিম্বাবুয়ে। সবশেষ ২০২০ সালে বাংলাদেশে টেস্ট খেলেছিল তারা। যদিও সেবার ইনিংস ও ১০৬ রানে হেরেছিল সফরকারীরা। আগামী ২০ এপ্রিল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৮ এপ্রিল থেকে।
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অংকন, জাকের আলী আনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।
একই ম্যাচে মাইলফলক ছুঁলেন দুই ভাই হার্দিক-ক্রুনাল