আর্সেনালের বিপক্ষে রিয়ালের দুশ্চিন্তার নাম ‘কর্নার’

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ পিএম

চ্যাম্পিয়নস লিগের বিগ ম্যাচে আজ রাতে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ এবং আর্সেনাল। ১৯ বছরে প্রথমবারের মতো এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের মুখোমুখি হতে যাচ্ছে স্প্যানিশ ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ম্যাচটির আগে রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া জানালেন তাদের রণকৌশল।

চলতি মৌসুমে প্রতিপক্ষের কর্নার, ফ্রি-কিকে বেশ ভুগছে রিয়াল মাদ্রিদ। গত শনিবার ভালেন্সিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে কর্নার থেকে একটি গোল হজম করেছে রিয়াল। অন্যদিকে কর্নার এবং ফ্রি-কিক থেকে গোল করার দক্ষতার জন্য আর্সেনালের জুড়ি নেই। তাই প্রতিপক্ষের এই শক্তিমত্তা নিয়ে বেশ সতর্ক রিয়াল।

রিয়ালের অভিজ্ঞ গোলরক্ষক কোর্তোয়া বলেছেন, ‘গতকাল আমরা এটা (ফ্রি-কিক, কর্নার ঠেকানো) নিয়ে কাজ করেছি। আমরা জানি, তাদের বিপক্ষে কীভাবে রক্ষণ সামলাতে হবে। প্রথম কাজ হচ্ছে, খুব বেশি কর্নার হতে দেওয়া যাবে না। সেইসঙ্গে মনোযোগী ও সক্রিয় থাকা। মাঝেমধ্যে প্রতিপক্ষের মানেরও একটা ব্যাপার থাকে। যদি বলটি নিখুঁতভাবে পাঠানো হয়, তাহলে ভালো অবস্থায় থাকলেও ডিফেন্ড করা কঠিন।’

গত ১১ মৌসুমে ৬টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে রিয়াল। আর এই সময়ে ৬ বছর চ্যাম্পিয়নস লিগে অংশই নিতে পারেনি আর্সেনাল। তবু প্রতিপক্ষকে সমীহ করছেন কোর্তোয়া, ‘আর্সেনালের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমার অনেক বন্ধু আছে যারা আর্সেনালের সমর্থক। আমি জানি, প্রিমিয়ার লিগে তারা দারুণ খেলছে। তরুণ ফুটবলারদের নিয়ে গড়া একটি দল, শক্তিশালী রক্ষণভাগ, পাল্টা-আক্রমণ ও সেট পিসেও দুর্দান্ত। আমার মনে হয়, আর্সেনাল দারুণ করছে। তাদের শিরোপা জেতা সময়ের ব্যাপার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত