আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে হত্যাচেষ্টা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন উভয়পক্ষের শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করে। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক সুমন মিয়া তুরিন আফরোজের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় গত সোমবার রাতে উত্তরার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলা অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট দুপুর ১২টার দিকে আব্দুল জব্বার উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। গত ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টার এ মামলাটি করেন। তুরিন আফরোজ এ মামলায় ৩০ নম্বর আসামি। ২০১৩ সাল থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন তুরিন আফরোজ। তবে দায়িত্বে থাকাকালীন মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মো. ওয়াহিদুল হকের সঙ্গে দেখা করার অভিযোগে তাকে ট্রাইব্যুনাল থেকে অপসারণ করা হয়।