সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারো আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মো. তৈয়ব নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে জারুলিয়া ছড়ি বিওপির সীমান্তবর্তী ৪৬-৪৭ নম্বর পিলারে শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তি, নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের কম্বোনিয়া এলাকায় ছাবের আহসদের ছেলে মো. তৈয়ব (৩৫)।

স্থানীয়রা জানান, বাংলাদেশের পণ্যের পাচারের জন্য মিয়ানমার সীমান্তের ওপারে যান। ওপার থেকে গরুসহ বিভিন্ন পণ্য নিয়ে এপারে ফিরে আসার সময় জারুলিয়া ছড়ি বিওপির দায়িত্বপূর্ণ ৪৬-৪৭ সীমান্ত পিলারে শূন্যলাইন এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি পুঁতে রাখা স্থলমাইনে বিস্ফোরণ হয়। এ সময় যুবকের ডান পায়ের হাটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি থানা ওসি মো. মাসরুল হক বলেন, সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে বলে খবর পেয়েছি। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছেন বিষয়টি খতিয়ে দেখছি।