রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. নজরুল ইসলাম মণ্ডলকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনকালীন সংঘটিত দুটি পৃথক হামলার মামলায় তার জামিন আবেদন খারিজ করে এ আদেশ দেয় রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালত।
আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নজরুল মণ্ডল স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে দেন। এরপর তাকে রাজবাড়ী কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।
গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় দুটি পৃথক মামলায় নজরুল ইসলাম মণ্ডলকে অভিযুক্ত করা হয়। এর আগে গোয়ালন্দ ঘাট থানায় গত ১০ ডিসেম্বর দায়েরকৃত মামলায় নজরুল মণ্ডলকে ২ নম্বর আসামি করা হয়। এ মামলায় স্থানীয় সমন্বয়ক শরীফুল ইসলাম ৫৯ নির্দিষ্ট ও ৩০০-৪০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করেন। এ ছাড়া রাজবাড়ী সদর থানায় গত ৫ আগস্ট শিক্ষার্থী শাহীন ফকিরের করা আরেক মামলায় নজরুল মণ্ডল ৪ নম্বর আসামি। এতে মোট ৮৭ জনকে অভিযুক্ত করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম উভয় মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।