গোয়ালন্দে আভিযানিক দলের উপর হামলা, আসামি ছিনতাই 

আপডেট : ২১ জুন ২০২৬, ১১:৫৫ এএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে চরম বিশৃঙ্খলা ও হামলার মুখে পড়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের সমন্বিত দল।

শনিবার (২০ জুন) বিকেলে দৌলতদিয়ার পুড়াভিটা এলাকায় ভয়াবহ সংঘবদ্ধ হামলার ঘটনায় হাতকড়া পরা অবস্থায় এক মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত ওন্যাক্কারজনক ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে দৌলতদিয়ার এশিয়া বোর্ডিং এলাকায় একটি বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানের শুরুতেই গাঁজাসহ আশীষ চন্দ্র শীল (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তাৎক্ষণিক এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরবর্তীতে একই অভিযানে দৌলতদিয়ার পুড়াভিটা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী বেবীর ছেলে ফয়সালকে (২৪) মাদকসহ আটক করা হয়। অভিযানের এক পর্যায়ে ফয়সালকে হ্যান্ডকাফ পরানো হলে, আগে থেকেই ওত পেতে থাকা সংঘবদ্ধ মাদক কারবারিরা অতর্কিতে অভিযানকারী দলের ওপর চড়াও হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলাকারীরা অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে সরকারি দায়িত্ব পালনরত সদস্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এক পর্যায়ে জোরপূর্বক হাতকড়াসহ আসামি ফয়সালকে ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসীর হাসান খান জানান, আমরা দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছিলাম। এর মধ্যে একজনকে তাৎক্ষণিক সাজা দেওয়া হয়েছে। অন্যজন ফয়সালকে মাদক ও নগদ টাকাসহ আটক করা হলেও, মাদক কারবারিদের সংঘবদ্ধ হামলায় তাকে ছিনিয়ে নেওয়া হয়। এতে আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এই ন্যক্কারজনক ঘটনার বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে কঠোর আইনগত ব্যবস্থা
গ্রহণ করা হবে।

এদিকে ঘটনার পর থেকে পলাতক আসামি ফয়সালকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ জানান, ছিনিয়ে নেওয়া আসামি ফয়সালকে গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাকে আইনের আওতায় আনতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

উন্মুক্ত মাদক কারবারের এই অভয়ারণ্যে প্রশাসনের ওপর হামলার ঘটনা স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অপরাধীদের এমন ধৃষ্টতাপূর্ণ আচরণে জনমনে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত