রাজবাড়ীর গোয়ালন্দে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফাত (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ রেলগেট ও জমিদার ব্রিজের মধ্যবর্তী লেকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত আরাফাত গোয়ালন্দ পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের হাউলি কেউটিল এলাকার বাসিন্দা এবং স্থানীয় আরাফাত হোটেলের মালিক মো. ছোবাহান প্রামাণিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি সততা পরিবহনের সামনে হঠাৎ চলে আসে আরাফাতের মোটরসাইকেল। সংঘর্ষের ফলে সে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহনের নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা অবনতি দেখা দিলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. শরীফ ইসলাম জানান, আরাফাতের শরীরে একাধিক জায়গায় গুরুতর আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে দ্রুত ফরিদপুর রেফার করা হয়েছে।
এ ঘটনায় আলাদিপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ বলেন, ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট যানবাহন জব্দ করে তদন্ত শুরু করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
হলুদ-মরিচের গুঁড়ার সঙ্গে মেশানো হচ্ছে রং, ভুট্টার গুঁড়া