চিলির মধ্যাঞ্চলীয় লাগুনা দেল মাউলে আগ্নেয়গিরি অঞ্চলে দুই ঘণ্টায় ১৬০টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এই ভূমিকম্পের পর শুক্রবার আগ্নেয়গিরি সতর্কতা জারি করেছে দেশটির
কর্র্তৃপক্ষ। রাজধানী সান্টিয়াগো থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে আর্জেন্টিনার সীমান্তের কাছে অবস্থিত এই আগ্নেয়গিরি অঞ্চলটি প্রায় ৫০০ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত। এখানে অসংখ্য আগ্নেয়গিরির গম্বুজ, শঙ্কু ও লাভা প্রবাহ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই এলাকায় প্রায় ১৩০টি আগ্নেয়গিরির মুখ রয়েছে।
চিলি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ অধ্যাপক আয়াজ আলম বলেন, এসব লক্ষণ দেখে বোঝা যাচ্ছে, আগ্নেয়গিরিটি সক্রিয়। এর ভেতরে ম্যাগমা রয়েছে, যা নড়াচড়া করছে। ভবিষ্যতে এখানে মাঝারি মাত্রার কোনো ঘটনা ঘটতে পারে। তবে চিলির জাতীয় ভূতত্ত্ব ও খনিজ পরিষেবা জানিয়েছে, ভূমিকম্পগুলো ছিল কম মাত্রার। তাই আগ্নেয়গিরি অঞ্চলটিকে এখনো সবুজ সতর্কতায় রাখা হয়েছে।