তিন মাসে ৬৪৮ ইটভাটা বন্ধ করেছে পরিবেশ মন্ত্রণালয়

দেশব্যাপী দূষণবিরোধী অভিযান চালিয়ে গত তিন মাসে ৬৪৮টি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ ছাড়া অভিযানে ১ হাজার ৬৬৩টি মামলায় ২৪ কোটি ৯ লাখ ৫০ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২ জানুয়ারি থেকে গত ১০ এপ্রিল পর্যন্ত সারা দেশে দূষণবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এতে যানবাহন, অবৈধ ইটভাটা, স্টিল মিল, শব্দদূষণ, ঝুঁকিপূর্ণ বর্জ্য, সিসা কারখানা, জলাশয় ভরাট, টায়ার পোড়ানো ও খোলা নির্মাণ সামগ্রীর বিরুদ্ধে ৭৭৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় ১ হাজার ৬৬৩টি মামলায় ২৪ কোটি ৯ লাখ ৫০ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সঙ্গে ৪৩৮টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ২১০টি ইটভাটা বন্ধের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ১২৪টি ভাটায় কাঁচা ইট ধ্বংস করা হয়েছে এবং সাতটি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি এক মাসের কারাদ- দেওয়া হয়েছে একজনকে। সাতটি প্রতিষ্ঠান থেকে আট ট্রাক সিসা গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

এতে আরো বলা হয়েছে, গতকাল রাজধানী ঢাকার গুলশান, মাতুয়াইল, আমিনবাজার,  মোহাম্মদপুর ও নারায়ণগঞ্জ এলাকায় নির্মাণ সামগ্রী দিয়ে বায়ুদূষণ করায় ছয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে পাঁচটি মামলায় ২ লাখ ৫৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

একই দিনে আমিনবাজারে অবৈধ সিসা ব্যাটারি গলানোর একটি কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি উচ্ছেদ ও যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। গাজীপুরে জলাধার ভরাটের অভিযোগে একজনকে সতর্ক করা হয়েছে এবং পাঁচ দিনের মধ্যে পুকুর আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

মানিকগঞ্জ ও দিনাজপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে চালানো অভিযানে আটটি মামলায় ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে একটি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে দেওয়া হয়েছে এবং ছয়টি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।