গাজীপুরে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা

গাজীপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় রাকিব মোল্লা (৩৫) নামে কৃষকদলের এক নেতা নিহত হয়েছেন। এলাকায় আধিপত্য বিস্তার এবং ডিশ ও ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মহানগরের সদর থানার দাক্ষিণখান এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রাকিব মোল্লা গাজীপুর সিটি কর্পোরেশনের দাক্ষিণখান এলাকার বাসিন্দা ইসমাইল মোল্লার ছেলে। তিনি সদর মেট্রো থানা শ্রমিকলীগের আহ্বায়ক ও ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমাস মোল্লার ভাতিজা।

সদর থানার ওসি মেহেদী হাসান জানান, রাত ৯টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাকিবকে দাক্ষিণখানের শহীদ হাজীর বাড়ির পাশের রাস্তায় কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, নিহতের মাথা, ঘাড়, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এলাকায় আধিপত্য এবং ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, কৃষকদলের গাজীপুর মহানগর শাখার আহ্বায়ক আতাউর রহমান জানিয়েছেন, রাকিব মোল্লা সংগঠনটির প্রস্তাবিত যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং আসন্ন কমিটিতে সভাপতি প্রার্থী হিসেবে বিবেচনায় ছিলেন।